ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে একশ’র আগেই ৬ উইকেট হারিয়ে বসে কিউইরা। এরপর কোল ম্যাককঞ্চি ও মিচেল স্যান্টনারের ৪৭ বলে ৮৪ রানের জুটিতে ১৬৮ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাব দিতে ব্ল্যাকক্যাপসদের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ১০৭ রানে। ফলে টানা দুই হারে সুপার এইট পর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত হলো শ্রীলঙ্কার।সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের কাছেও হেরে গেলো তারা। টানা দুই হারে তাদের পয়েন্ট এখন শূন্য। শেষ ম্যাচ জিতলেও সেটি কেবল মাত্র তাদের জন্য সান্ত্বনা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। টিম শেইফার্ট ও ফিন অ্যালেনের ব্যাটে ভালো শুরু পায় কিউইরা। তবে দলীয় ৮৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে উদ্ধার করেন কোল ম্যাককঞ্চি ও মিচেল স্যান্টনার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন পাথুম নিসাঙ্কা। তৃতীয় ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকেও ফেরান হেনরি, শ্রীলঙ্কার স্কোরবোর্ডে তখন রান মাত্র ৬। তৃতীয় উইকেট জুটিতে কুশাল মেন্ডিসকে নিয়ে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন পাভান রাথানায়াকে। রাচিন বরীন্দ্র’র বলে পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে স্টাম্পড আউট হয়ে ফেরেন মেন্ডিস। পরের বলেই ফেরেন রাথানায়াকে, স্কোরবোর্ডে তখন রান মাত্র ২৯। আরও পড়ুন: মামলা মোকাবিলা করে মাঠে ফিরলে ‘মোস্ট ওয়েলকাম’—সাকিব-মাশরাফি প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী অধিনায়ক দাসুন শানাকাও এদিন থিতু হতে পারেননি উইকেটে। ৫ বলে ৩ রান করে ফিরেছেন রাচিনের বলে অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে। দলীয় ৫৯ রানে দুশান হেমান্থাকেও ফেরান রাচিন বরীন্দ্র। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালানোর চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। ২৩ বলে ৩১ রান করা এই ব্যাটারকে থামিয়েছেন মিচেল স্যান্টনার।