কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল ও পিএসজি, বাদ পড়ল জুভেন্টাস

আগের লেগে ১-০ গোলে জিতে এসেছিল। আজ ঘরের মাঠে ১৪ মিনিটের মধ্যেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। রাফা সিলভা গোল করে বেনফিকাকে আশা দেখাতে শুরু করেন। কিন্তু না, হলো না। দুই মিনিটের মধ্যেই রিয়াল আরেকবার এগিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে তারা।রিয়াল মাদ্রিদের জয়টি ২-১ গোলে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে। রিয়ালের হয়ে আজ প্রথম গোলটি করেছিলেন চুয়ামেনি। শেষদিকেরটি ভিনিসিউস জুনিয়রের। শেষ ষোলোয় তাদের সম্ভাব্য প্রতিপক্ষ স্পোর্টিং সিপি নয়তো ম্যানচেস্টার সিটি।সান্তিয়াগো বার্নাব্যুতে ১৪ মিনিটে গোল হজম করে রিয়াল মাদ্রিদ। তবে ফিরতে বেশিক্ষণ নেয়নি তারা। ডি বক্সের ভেতর থেকে কয়েকজনের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন চুয়ামেনি। ভিনির গোলটি ৮০ মিনিটে। আগের লেগে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। আজ গোল করেই তার চির পরিচিত নাচ দেখান।আরও পড়ুন: প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা আটালান্টা ৪ গোল দিয়ে শেষ ষোলোয়আরেক ম্যাচে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে মার্কুইনহোসের সমতাসূচক গোলের পর গোল করেন কাভিচা খাবারেসখেলিয়া। স্বস্তির ব্যাপার হলো আগের লেগে ৩-১ গোলে জিতেছিল তারা। দুই লেগের ৫-৪ গোলের জয় তাদের তুলে দিল শেষ ষোলোয়।জুভেন্টাস জিতলেও রাতটা তাদের জন্য ভুলে যাওয়ার। ৩-২ গোলের জয় তাদের শেষ ষোলোর টিকিট এনে দিতে পারল না। কারণ গ্যালাতসারের বিপক্ষে প্রথম লেগে ৫-৩ গোলে হেরেছিল তারা।