রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত পাখির বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার। তার বাবার নাম ইদ্রিস আলী। পাখি এক ব্যক্তির পালিত মেয়ের হিসেবে রাজশাহীতে থাকতেন। পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাখির ভারতের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতার কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। আত্মহত্যার আগে পাখি তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’ আরও পড়ুন: প্রেমিককে ভিডিও কলে রেখে শো-রুম কর্মী তরুণীর আত্মহত্যা মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন। মৃত্যুর আগমুহূর্তে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে, ‘আমি রেজিনা পাখি। আমারা মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’ পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা যায়, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির পড়াশোনা হয়নি। ভারতের এক যুবকের সঙ্গে তার ফেসবুক প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েন ও মাদকাসক্তি মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে পাখি এই আত্মঘাতী কাজটি করেছেন। একটু নজর দিন আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে। আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না। এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।