রমজান মাসে রাজশাহীতে সব ধরনের মাছের দাম বেড়েছে। গত এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজারে সরজমিনে দেখা যায়, আড়তদার ও ব্যবসায়ীদের হাঁকডাকে বাজার জমজমাট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা জানান, এদিন মাছের সরবরাহ কিছুটা কম থাকলেও চাহিদা রয়েছে বেশি। ফলে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে মাছের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কেজিতে অন্তত ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আরও পড়ুন: আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা বাজারে এক কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা ও বড় রুই ৩৪০-৩৫০ টাকায়। প্রতিকেজি মাঝারি আকারের কাতলা ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, মাঝারি সিলভার কার্প ২০০-২২০ টাকা, মাঝারি মৃগেল ২২০ টাকা, মিনার কার্প ২০০-২২, পাবদা ৩৮০, দেশি পুঁটি ১০০-১৫০, চাষের শিং ৪০০, মাঝারি পাঙাশ ১৭০-১৮০ এবং কালবাউশ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, রমজানের মাঝামাঝি পর্যন্ত এই বাড়তি দাম থাকবে, এরপর ধীরে ধীরে কমতে পারে। রাজশাহীর এই পাইকারি বাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠানো হয়। রমজান মাসে প্রতিদিন অন্তত ৯০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।