সময়টা ভালো যাচ্ছে না টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে নেই তিনি। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৫ রান করে আউট হয়েছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি মনে করেন, দ্রুতই ফর্মে ফিরবেন অভিষেক।একসময় ফর্মের তুঙ্গে থাকা অভিষেকের এমন ভয়াবহ অফ ফর্ম ভারতকে বেশ ভোগাচ্ছে বিশ্বকাপে। ইনিংসের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। শুরুতেই হারিয়ে ফেলছে একাধিক উইকেট। সেই বিপর্যস্ত অবস্থা থেকে দলকে উদ্ধার করতে বাকিরাও সেভাবে পারছেন না। যে কারণে সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে নেট রান রেটেও ধাক্কা খেয়েছে ভারত।সুপার এইটের বাকি দুই ম্যাচে ভারতের সামনে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। এখন শুধু এই দুই ম্যাচ জিতলেই চলবে না। অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলও যেন ভারতের পক্ষে আসে। তবেই মিলবে সেমিফাইনালের টিকিট।তবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির বিশ্বাস, দ্রুতই অভিষেক ছন্দে ফিরবেন। ইএসপিএন ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে ফাফ ডু প্লেসি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সবাই তাকে (অভিষেক শর্মা) নিয়ে কথা বলছে। হাজারটা মতামত, পঞ্চাশের বেশি কোচ। তার কীভাবে ব্যাট করা উচিত সবাই নিজেদের উপদেশ দিতে চাইবে। আর ২৫ বছর বয়সি একজনের জন্য এটা বেশ কঠিন পরিস্থিতি, যখন সে নিজের প্রথম বিশ্বকাপ খেলছে, তার ওপর যখন অনেক প্রত্যাশা। গত বছর সে দাপট দেখিয়েছে, সব জায়গায় বোলারদের তুলাধুনা করেছে।'আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে বিস্ময়কর প্রতিক্রিয়া শাস্ত্রীর ফাফ অভিষেকের উপর আস্থা রেখে বলেছেন, ‘গত দুই-তিনটা আইপিএলে সে অবিশ্বাস্য ছিল। বোলারদের কচুকাটা করেছে। সে নতুন প্রজন্মের টি-টোয়েন্টি ক্রিকেটার, যারা রক্ষণাত্মক ব্যাটিংয়ের কথা চিন্তা করে না। তার হাতে আক্রমণের জন্য অনেক বেশি শট রয়েছে। তার জন্য এখন মূল প্রশ্ন হলো-কীভাবে সে বাইরের আলোচনা থেকে নিজেকে দূরে রাখবে? কীভাবে নিজের শক্তি ও সামর্থ্য, নিজের খেলায় মনোযোগ ধরে রাখবে এবং যতটা সম্ভব মাথাকে পরিষ্কার রাখবে? কারণ একজন যখন এই অবস্থায় থাকে, তখন অনেক কথা হয়।’ফাফ আরও বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, তাকে আরও কয়েকটা ইনিংস সুযোগ দিলে সে ঘুরে দাঁড়াবে এবং বিশ্বকাপের যেকোনো এক পর্যায়ে অসাধারণ একটি ইনিংস উপহার দিবে।’এদিকে ওপেনিং নিয়ে বেশ বিপাকেই রয়েছে ভারত। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজে ঈশান কিষাণের উড়ন্ত ফর্মের সুবাদে বিশ্বকাপে অভিষেক শর্মার সঙ্গে জুটি বাঁধছেন ঈশান। তবে তার ফলে শীর্ষ ৩ ব্যাটারের ৩ জনই হয়ে গেছেন বাঁহাতি। যেখানে তিনে খেলছেন তিলক ভার্মা। ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন সাঞ্জু স্যামসনও। তবে অভিষেকের উপর আস্থা রেখে তাকে খেলানো হচ্ছে না।