সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল পরিবর্তন করে আগামী মে মাসের মধ্যে নির্বাচন সম্পন্নের দাবি জানিয়েছেন আইনজীবীরা। আইনজীবীরা আগামী ১১ ও ১২ মার্চের পরিবর্তে ২০ ও ২১ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন করার দাবি জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট বারের সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন এসব দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় এবং সিনিয়র অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ব্যারিস্টার ওমর ফারুক, ব্যারিস্টার এম, আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান সংহতি প্রকাশ করেন। আরও পড়ুনসুপ্রিম কোর্ট বার ভোট ১১–১২ মার্চ, মনোনয়ন ফরম বিক্রি শুরু আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে । এ লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মনোনয়ন জমা ও প্রত্যাহার সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নির্বাচনি তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এফএইচ/ইএ