বাহিনীর মতামত ছাড়াই নতুন ইউনিফর্ম নির্ধারণ, পরিবর্তনের জোর দাবি পুলিশের

লৌহ রঙের নতুন পোশাক পরিবর্তনের দাবি জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া এই ইউনিফর্ম বদলাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিশ্লেষকদের মতে, এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত ছিল হঠকারী, এতে অর্থের অপচয় ছাড়া তেমন কোনো অর্জন হয়নি।বর্তমান পোশাক নিয়ে অস্বস্তি প্রকাশ করে পুলিশ সদস্যরা পুরোনো বা নতুন কোনো উপযুক্ত ইউনিফর্মে ফিরে যেতে চান। বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ দাবি তোলে। সংগঠনটির মতে, অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া এই পোশাক বাহিনীর বেশিরভাগ সদস্যের পছন্দ নয়। পুলিশ ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বাহিনীর মতামত না নিয়েই এই পোশাক নির্ধারণ করা হয়েছে। এতে পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া বা অন্য সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিলের বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়নি। আরও পড়ুন: পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তিনি আরও বলেন, এই পোশাক বিভিন্ন মার্কেটের সিকিউরিটি গার্ড ও অন্যান্য সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিল থাকায় পুলিশ ও সিকিউরিটি গার্ডকে আলাদা করে চেনা কঠিন হয়ে যাচ্ছে। এছাড়া পুলিশ সদস্যদের অভিযোগ, পোশাকটি আরামদায়ক নয় এবং দুই-তিনবার ধোয়ার পরই রং নষ্ট হয়ে যায়। ফলে এতে বেশি অর্থ ব্যয় হচ্ছে। যদিও বছরে পুলিশ সদস্যদের পাঁচটি করে পোশাক দেয়া হয়, কিন্তু বর্তমান কাপড়ের মানের কারণে এই পাঁচটি পোশাক এক বছর ব্যবহার করা সম্ভব হবে না। বিশ্লেষকদের মতে, পুলিশের পোশাক পরিবর্তনের মাধ্যমে অর্থের অপচয় ছাড়া আর কোনো বাস্তব সুফল পাওয়া যায়নি। সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, এই পরিবর্তনের কোনো প্রয়োজন ছিল না। এটি কি সত্যিই পুলিশ সংস্কারের জন্য করা হয়েছিল, নাকি কাউকে আর্থিক সুবিধা দেয়ার উদ্দেশ্যে; এ নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই ধরনের পরিবর্তনে বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। ব্যক্তি ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে পেশাদারিত্বের বিষয়টি উপেক্ষিত হয়েছে। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে হঠকারী বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি আব্দুল কাউয়ুম। তিনি বলেন, শুধু পোশাক পরিবর্তন করে পুলিশকে পরিবর্তন করা যায় না। বিভিন্ন বেসরকারি সিকিউরিটি গার্ড একই ধরনের পোশাক পরায় পুলিশের মর্যাদায় আঘাত লেগেছে। আগের জেলা ও মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্মই পুলিশের জন্য উপযুক্ত ছিল। এ অবস্থায় দ্রুত বর্তমান পোশাক পরিবর্তনের বিষয়টি বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন পুলিশ সদস্যরা।