বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে সরকার: মন্ত্রী

বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছে। সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। এজন্য রাতের বেলায় সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে এবং সিএনজির গ্যাস ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে।কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, চলতি মৌসুমে সারাদেশে ৫০ লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮৮ শতাংশ জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন পর্যাপ্ত পানি সেচ দেয়া জরুরি। এ জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। তারা বলছেন, বর্তমানে বিদ্যুৎ থাকায় কোনো সমস্যা হচ্ছে না। তবে চৈত্র-বৈশাখ মাসে যদি সারাদিনে দুইবার দুই ঘণ্টার জন্য বিদ্যুৎ দেয়া হয় এবং বাকি সময়ে বিদ্যুৎ না থাকে, তাহলে সেচের কাজ ব্যাহত হবে। আরও পড়ুন: আদানির চুক্তি ইস্যুতে নড়েচড়ে বসেছে সরকার, খতিয়ে দেখা হচ্ছে অসঙ্গতি বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে সেচ সংযোগধারীর সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার। বর্তমানে সারাদেশে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট। গরম ও বোরো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করতে এ চাহিদা বেড়ে ১৭-১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, যেকোনো মূল্যে বোরো আবাদে সেচ দেয়ার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সিএনজি থেকে আসা গ্যাসকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। বোরো সিজনও শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করব বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার।