মার্কিন স্পিডবোটে কিউবান সীমান্তরক্ষীদের গুলি, নিহত ৪

বিনা অনুমতিতে কিউবার জলসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের নিবন্ধিত একটি স্পিডবোটের চার আরোহীকে হত্যা করছে দেশটির সীমান্তরক্ষীরা।কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিবন্ধিত একটি স্পিডবোট কিউবার জলসীমায় অনুপ্রবেশ করে। সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছোড়ে। বিবৃতিতে আরও বলা হয়, এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন। আরও পড়ুন: মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রয়ারি) সকালে কিউবার উত্তর-মধ্য ভিলা ক্লারা প্রদেশের ব্যারিয়ার দ্বীপ কায়ো ফ্যালকোনেস থেকে সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। পৃথক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করেছে। তিনি মিশেল ওর্তেগা ক্যাসানোভা। এছাড়া নৌকায় আটক ছয় সন্দেহভাজনের নামও প্রকাশ করা হয়েছে, যাদের সবাই ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কিউবান বাসিন্দা’। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘ওই নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনো স্পষ্ট নয় এবং যুক্তরাষ্ট্র তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। আমরা এখনো তথ্য সংগ্রহ করছি।’  নৌকাটিতে মার্কিন সরকারের কোনো কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি। তথ্যসূত্র: আল জাজিরা