ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি যুবক রিপন সরকারকে ৭ ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক শেষে হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ওই যুবককে ফেরত দেয় বিএসএফ। রিপন সরকার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে। বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই যুবক হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভুল করে ভারতে চলে গিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।’ আরও পড়ুন: হিলি সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফ সদস্যদের সাথে কথা বলি ও আটক যুবককে ফেরত চাই। তাদের কোম্পানি কমান্ডার না থাকায় ওই যুবককে তারা তাৎক্ষণিকভাবে ফেরত দেয়নি। পরে রাত সাড়ে ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে আমাদের কাছে ফেরত দেয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা তাকে থানায় সোপর্দ করেছি।’ এদিকে থানা-পুলিশের মাধ্যমে ওই যুবককে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।