মেট্রোরেল স্টেশন এলাকা এবং ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সব ধরনের ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জারি করা এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। এতে সই করেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোস্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ/বাহির পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনায় ডিএমটিসিএল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা যাবে না। এছাড়া বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শ্যুটিং বা যেকোনো ধরনের কনটেন্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আরও পড়ুন: ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা-২০২৩ অনুযায়ী মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শ্যুটিং, ভিডিও বা ফটোগ্রাফির অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।