কয়েক দিন আগেও সাকিব আল হাসানের প্ল্যাকার্ড ও ছবি নিয়ে প্রবেশ করা যেত না স্টেডিয়ামে। সরাসরি নিষেধাজ্ঞা না দিলেও সংশয় নেই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্মতিতেই সমর্থকদের বাধা দিতো নিরাপত্তাকর্মীরা। এবার সে বোর্ডকেই দেখা গেল ভিন্ন রূপে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচার করে সাকিব বিষয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিসিবি। শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বাদশ আসরের ম্যাচে মুখোমুখি হয়েছে ইস্ট জোন ও সেন্ট্রাল জোন। এই ম্যাচে উপস্থিত দর্শকদের একাংশ সাকিব আল হাসানের নামের প্ল্যাকার্ড নিয়ে ‘সাকিব সাকিব’ ধ্বনিতে মেতে ওঠে। যার একটি ফুটেজ নিয়ে বিসিবি তাদের পেজে লেখে, “বগুড়া শিহরণে ভরে উঠলো, যখন ভক্তরা শহী চান্দু স্টেডিয়ামে ‘সাকিব! সাকিব!’ ধ্বনিতে মেতে উঠলো। প্রতিটি ক্রিকেটপ্রেমীর জন্য রোমাঞ্চের মুহূর্ত!” আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, নারী বিপিএল শুরু চট্টগ্রামে অথচ কয়েকদিন আগেও চিত্রটা ছিল একেবারে ভিন্ন। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে সাকিবের নাম সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারতো না সমর্থকরা। সেটা হোক আন্তর্জাতিক কোনো সিরিজ কিংবা ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচে। তখন গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবশ্য নিষেধাজ্ঞার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি বিসিবির কোনো কর্মকর্তা। তবে নিরাপত্তাকর্মীদের তো কারও নির্দেশনা ছাড়া স্ব-উদ্যোগী হয়ে বাধা দেওয়ার কথা না। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা হোক কিংবা নিজস্ব উদ্যোগ হোক; পতিত আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে সাকিব বিষয়ে তখন কঠোর ছিল বিসিবি। কিন্তু সম্প্রতি এ ইস্যুতে নরম সুর দেখা যাচ্ছে বিসিবির কণ্ঠে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকে। সাকিবকে দেশের মাটিতে ম্যাচ খেলানোর বিষয়ে ইতোমধ্যে একটি গুঞ্জন জোরালো হচ্ছে। আর বিসিবির আজকের ফেসবুক পোস্ট সেখানে যোগ করলো বাড়তি মাত্রা। আরও পড়ুন: আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ