পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশের নতুন পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পোশাক পরিবর্তন করবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পরে জানানো হবে। পুলিশের জনবল বৃদ্ধির চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথাসময়ে জানানো হবে বলেও জানান মন্ত্রী। টিটি/এএমএ