নেত্রকোনায় তিন বালু ব্যবসায়ীকে কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় জব্দ করা হয়েছে দুই শতাধিক ঘনফুট বালু ও তিনটি হ্যান্ডট্রলি গাড়ি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের মো. আব্দুল রহিমের ছেলে মো. জাকির হাসান (২৫), চিনাহালা গ্রামের আমজাদ আলীর ছেলে ময়না মিয়া (৪৫) এবং একই এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. আব্দুল হাই (৩০)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালাইকান্দি এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ওই এলাকা থেকে তিনটি বালুভর্তি হ্যান্ডট্রলি জব্দ করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যাবসায়ীদের দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডএ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে।এদিকে প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানান উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।