ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে সৎ বাবার থেকে ‘ছিনিয়ে’ নিয়ে হত্যা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের স্বজনদের অভিযোগ, ওই কিশোরী মাধবদীর বিলপাড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার সৎ বাবার বাড়ি বরিশালে। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়।আরও পড়ুন: মিষ্টি খাওয়ানোর কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগবুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সৎ বাবা তার কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে আরও ৫ জন মিলে তার বাবার কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েটিকে না পেয়ে বাড়ি ফিরে যায়। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই অতিরিক্ত পুলিশ সুপার।