সাকিব আল হাসান ইস্যুতে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তার মতে, রাজনৈতিক দলে যোগ দেওয়া ছিল সাকিবের ভুল সিদ্ধান্ত। একইসঙ্গে টাইগার অলরাউন্ডারকে ক্ষমা করার পক্ষেও তিনি।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিসিএলের উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের মধ্যকার ম্যাচ শেষে সাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পাইলট। বাংলাদেশ জাতীয় দলে সাকিবকে ফেরাতে উদ্যোগী হয়েছে বিসিবি। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। রাজনীতিতে সাকিবের যোগ দেওয়া ভুল ছিল জানিয়ে পাইলট বলেন, ‘সাকিব আল হাসান দেশের এক নম্বর ক্রিকেটার। রাজনৈতিক দলে যোগ দেওয়া ছিল তার ভুল সিদ্ধান্ত। মানুষ মাত্রই ভুল করে। তার ভুল ক্ষমা করা উচিত।’ আরও পড়ুন: প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে না দেওয়া সেই বিসিবির মুখেই এখন সাকিব বন্দনা সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে পাইলট বলেন, ‘একজন রিক্সাচালককে, সাকিবের মত ক্রিকেটার মারবে এই বিষয়ে নিয়ে আমি সন্দিহান। আমি মনে করি সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, রাষ্ট্রের উচিত সেটির সঠিক সমাধান করা। তাকে সম্মান দেওয়া।’ সাকিব আল হাসানের একজন বড় ফ্যান উল্লেখ করে সাবেক অধিনায়ক পাইলট বলেন, ‘আমি দোয়া করি, সাকিব যেন দেশের জার্সি গায়ে দিয়ে অবসরে যেতে পারে।’ আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশের স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ, নারী বিপিএল শুরু চট্টগ্রামে দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে এমন আশা করছেন তার সমর্থকরাও। কারণ সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব তিন পক্ষই এনিয়ে উদ্যোগ নিচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলার জট খুলতেই সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে।