জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘এনএইচকে’-এর তেহরান ব্যুরো প্রধানকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তেহরানে এনএইচকে ব্যুরো প্রধানের নাম হিনোসুকে কাওয়াশিমা। গ্রেফতারের পর তাকে এভিন কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের স্থানীয় গণমাধ্যম। তবে ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। এদিকে, পেজেশকিয়ান প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাপান সরকার। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জাপানি নাগরিক হিনোসুকে কাওয়াশিমাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। জাপানের উপ-ক্যাবিনেট সচিব মাসানাও ওজাকি দ্য আসাহি শিম্বুনকে বলেন, ইরানে আটক এক জাপানি নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। ওজাকি আরও জানান, এনএইচকের তেহরান ব্যুরো প্রধানকে ২০ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। ঘটনাটি ঘিরে টোকিও ও তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর জানুয়ারির শুরুতে তীব্র মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা থেকে শুরু হওয়া বিক্ষোভ ইরানজুড়ে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক এ বিক্ষোভ দমনে অন্তত তিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এরপর থেকেই নানামুখী কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদারের পাশাপাশি ইরানে হামলা চালাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০২৫ সালের জুন মাসের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা এবং নানা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়। সম্প্রতি রক্তক্ষয়ী বিক্ষোভ শেষ হলেও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও দানা বাঁধছে আন্দোলন। ইরানের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগানে বিক্ষোভে নেমেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে। কেএম