চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একসময়ের আলোচিত ও বিতর্কিত চরমপন্থি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু (৭৭) মারা গেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিলেও স্বাধীনতার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থি কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন আলোচনায় ছিলেন তিনি। আত্মসমর্পণ, দীর্ঘ কারাভোগ ও রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে কাটানো তার জীবনের অবসান ঘটে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন নান্টু। বুধবার সন্ধ্যায় অজু করতে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাবা মরহুম সিরাজুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কয়রাডাঙ্গায় তার প্রতিষ্ঠিত ‘নান্টু স্টেডিয়াম’-এ তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আলোচিত ও বিতর্কিত অধ্যায় নুরুজ্জামান নান্টু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে অংশ নেন। তবে স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি ও তার বড় ভাই নেতৃত্ব দিয়ে এলাকায় চরমপন্থি সংগঠনের কার্যক্রম গড়ে তোলেন। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মন্টুর মৃত্যুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সময়ের প্রভাবশালী চরমপন্থি নেতা হিসেবে নুরুজ্জামান নান্টু আলোচিত ও সমালোচিত ছিলেন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় আত্মসমর্পণ করেন নান্টু। পরবর্তী সময়ে হত্যা, চাঁদবাজিসহ বিভিন্ন মামলায় দীর্ঘ ১৯ বছর কারাভোগ করেন। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। কারামুক্তির পর তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে আবারও গ্রেফতার করা হয়। তবে অল্প কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন। উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততা স্থানীয়দের মতে, বিতর্কিত অতীত সত্ত্বেও এলাকায় অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা ছিল দৃশ্যমান। ১৯৯৭ সালে ভালাইপুর মোড়ে তার উদ্যোগে প্রতিষ্ঠিত পানহাট বর্তমানে বড় ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়া গোকুলখালী পশুর হাট, মাছের আড়ত চালু এবং তরুণদের জন্য কয়রাডাঙ্গা নান্টু স্টেডিয়াম প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। মরহুমের ভাতিজা ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব জানান, রাজনৈতিক জীবনে নুরুজ্জামান নান্টু চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য রয়েছে। হুসাইন মালিক/এসআর/জেআইএম