রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)। বৃহস্পতিবার (২৬ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। ধানমন্ডি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ১৮ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)। ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে লাবাং খাওয়ার জন্য (চেতনানাশক মিশ্রিত খাবার/পানীয়) অনুরোধ করেন। সরল বিশ্বাসে চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী (চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়। তিনি বলেন, মামলার পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানার মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান পরিচালনা করে নুর হোসেন ও নিজামকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা এই চোর চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী ছদ্মবেশে রিকশায় উঠে সুকৌশলে চালককে চেতনানাশক ওষুধ মিশ্রিত পানীয় বা খাবার খাইয়ে অচেতন করে রিকশা চুরি করে পালিয়ে যায়। এছাড়াও বিভিন্ন রকম কৌশলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়েও ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে থাকেন। এই চোর চক্রের আরও সদস্যদের গ্রেফতার ও অটোরিকশা উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআইএইচএস