বর্ণবাদ বিতর্কে প্রেস্তিয়ান্নির নিষেধাজ্ঞাকে ‘সবার জয়’ বলছেন চুয়ামেনি

বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞার পর জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির মাঠে না থাকাকে ‘সবার জন্য জয়’ হিসেবে দেখছেন অরলিয়ে চুয়ামেনি। চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জয়ের পর এমন মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।গত সপ্তাহে লিসবনে প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ম্যাচে গোল উদ্‌যাপনের সময় ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী অপমানের অভিযোগ ওঠে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে এক ম্যাচের জন্য সাময়িক বরখাস্ত করে। বেনফিকা শেষ মুহূর্তে আপিল করলেও তা নাকচ হয়; ফলে মাদ্রিদ সফরে দলভুক্ত থাকলেও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তরুণের। ম্যাচ শেষে চুয়ামেনি বলেন, ‘এই ব্যক্তির (প্রেস্তিয়ান্নি ) জন্যই সেরা সিদ্ধান্ত ছিল আজ না খেলা। ফুটবলের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ও আছে। আজকের জয়টা আমাদের সবার।’ ফ্রান্সে জন্ম নেয়া, ক্যামেরুনীয় বংশোদ্ভূত এই মিডফিল্ডারের বক্তব্যে স্পষ্ট—বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানই হওয়া উচিত। আরও পড়ুন: ভিনিসিউসের পক্ষ নেয়ায় ডাচ কিংবদন্তিকে আর্জেন্টিনা থেকে প্রাণনাশের হুমকি ম্যাচ শুরুর আগে বার্নাব্যুর গ্যালারিতে বর্ণবাদবিরোধী ব্যানার টানান সমর্থকেরা। মাঠেও জবাব দেন ভিনিসিউস। ম্যাচের নির্ধারক গোলটি করে কর্নার ফ্ল্যাগের পাশে নাচে উদ্‌যাপন করেন তিনি—যেমনটি করেছিলেন লিসবনেও। সতীর্থকে নিয়ে চুয়ামেনি বলেন, ‘ভিনিসিউস আত্মবিশ্বাস ধরে রেখেছে। দারুণ মনোযোগী ছিল। আগেও যেমন অসাধারণ খেলেছে, আজও তেমনই। ওর জন্য আমি খুবই খুশি।’ তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে চুয়ামেনির হাতেই। বুধবার সমতায় ফেরানো গোলটি ছিল এ মৌসুমে তার প্রথম। এই গোলেই শেষ ষোলোয় ওঠার পথে বড় ধাপ পেরোয় মাদ্রিদ। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি যা জানি, সেটাই করার চেষ্টা করছি। গোল করতে পেরে খুব খুশি। এ জায়গাটায় আমাকে আরও উন্নতি করতে হবে। আত্মবিশ্বাস আছে, প্রতিটি ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ আরও পড়ুন: কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল ও পিএসজি, বাদ পড়ল জুভেন্টাস বর্ণবাদ বিতর্কের ছায়া সত্ত্বেও মাঠের ফুটবলে নিজেদের আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চুয়ামেনির কথায় স্পষ্ট, ফুটবলের বাইরের লড়াইটাও সমান গুরুত্বপূর্ণ।