পবিত্র রমজান উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ হাজার রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)।সংগঠনটি জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্নআয়ের পরিবারগুলোর সেহরি ও ইফতারের চাহিদা পূরণে এ কর্মসূচি। প্রতিটি খাদ্য প্যাকেটে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা এবং ২ কেজি মুড়ি। সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রণয়ন ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন, যাতে প্রকৃত উপকারভোগীরা সহায়তা পান। সংগঠনটির চেয়ারম্যান শায়খ হামজা শহিদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ নিম্নআয়ের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। রমজানের পবিত্র মাসে যেন কোনো পরিবার সেহরি ও ইফতারে অভাবের কষ্ট না পায় এই লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। তিনি জানান, গত ৩৮ বছর ধরে আল-মারকাজুল ইসলামী মানবসেবায় নিয়োজিত রয়েছে এবং রমজানেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। আরও পড়ুন: আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ শীর্ষক কর্মশালা সংগঠনের ফান্ড রাইজিং অফিসার বলেন, একটি খাদ্য প্যাকেট হয়ত পরিমাণে সীমিত, কিন্তু একটি পরিবারের জন্য এটি বড় স্বস্তির কারণ। এর সঙ্গে যুক্ত থাকে তাদের আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা। সংগঠন সূত্রে জানা গেছে, এরইমধ্যে উত্তরবঙ্গের দিনাজপুর ও লালমনিরহাট, কক্সবাজারের বান্দরবানের আলীকদর ও পোয়ামুহূরী, খুলনার উপকূলীয় এলাকা দাকোপ, বরিশালের বাবুগঞ্জের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায় এবং শরীয়তপুরের একটি চরের বেদে পল্লীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রমজান ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। আল-মারকাজুল ইসলামী সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে, এই মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে রমজানের বার্তা আরও বিস্তৃত করুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একে অর্থবহ করে তুলুন।