মালয়েশিয়ার জোহর রাজ্যের টাংকাক জেলার উত্তর-দক্ষিণ মহাসড়কের (দক্ষিণমুখী) ১৬৭.৪ কিলোমিটারে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। টাংকাক জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট রোসলান মোহামদ তালিবি এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের প্রাথমিক তথ্য মতে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় জোহর বাহরুগামী একটি কালো রঙের হোন্ডা সিভিক গাড়ির নিচে চাপা পড়েন ওই বাংলাদেশি। দ্রুতগতির গাড়িটি তাকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুপারিনটেনডেন্ট রোসলান আরও জানান, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১ (১) অনুযায়ী এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জনসাধারণকে মহাসড়কের মতো ঝুঁকিপূর্ণ স্থানে রাস্তা পার না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। পুলিশ এই দুর্ঘটনা সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তথ্য প্রদানকারীদের তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর খাইরুল আজমি ইব্রাহিমের সঙ্গে ০১১-১২৪৪৫৮৩৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।