ভারত-ইসরায়েলের মধ্যে ১৭ চুক্তি সই

ভারত ও ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারত্ব পর্যায়ে উন্নীত করেছে এবং ১৭টি চুক্তি সই করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ ঘোষণা আসে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও আবেগঘন বলে অভিহিত করেন। দেশে ফেরার আগে মোদী বলেন, আমাদের সম্পর্ক গভীর আস্থা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সংবেদনশীলতার ওপর প্রতিষ্ঠিত। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এ সম্পর্ককে আজ আমরা ‘বিশেষ কৌশলগত অংশীদারত্ব’-এ উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। এটি দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। ২০১৭ সালে মোদীর প্রথম দ্বিপাক্ষিক ইসরায়েল সফরে দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব হিসেবে ঘোষণা করেছিল। নেতানিয়াহু বলেন, এটি একটি অসাধারণ সফর এবং তার অসাধারণ সমাপ্তি। সময় স্বল্প হলেও এটি অত্যন্ত ফলপ্রসূ ও আবেগপূর্ণ ছিল। আমাদের যে মত ও হৃদয়ের মিলন ঘটেছে, তা সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়েও আরও জোরদার হবে। দ্বিপাক্ষিক বৈঠকের প্রধান অর্জন ছিল প্রযুক্তিখাতে সহযোগিতা জোরদার করা। মোদী বলেন, প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ অংশীদারত্বের কেন্দ্রবিন্দু। আজ আমরা ‘গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি অংশীদারত্ব’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজসহ নানা ক্ষেত্রে সহযোগিতা নতুন গতি পাবে। ভারতের পররাষ্ট্র সচিব জানান, সফরের মূল গুরুত্ব ছিল প্রযুক্তি খাত—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন গবেষণা ও স্টার্টআপ। সামগ্রিকভাবে সফর থেকে ২৭টি ফলাফল এসেছে, যার মধ্যে ১৭টি চুক্তি রয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই বিশেষ কৌশলগত অংশীদারত্ব দুই দেশের প্রযুক্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এমএসএম