শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড কঠিন চাপেই পড়েছিল। ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে ৭ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬৮। শেষ পর্যন্ত তারা জয়ও পায়, তাদের ৬১ রানের এই জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।নিউজিল্যান্ড গ্রুপপর্বের সব কটি ম্যাচ খেলেছে ভারতের মাটিতে। ৬১ রানে জয় পাওয়া ম্যাচটি ছিল শ্রীলঙ্কার মাটিতে প্রথম, এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ভারতের তুলনামূলক রানপ্রসবা ভেন্যু থেকে শ্রীলঙ্কায় গিয়ে ৮৪ রানে ৬ উইকেট হারানোর চাপে পড়ে তারা। তবে কিউইরা চাপকে জয় করতে আত্মবিশ্বাসী বলেই মনে করেন কোচ রব ওয়াল্টার।নিউজিল্যান্ড আগামীকাল সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচের আগে আজকের সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেন, ‘ইতিহাস দেখলে বোঝা যায় ব্ল্যাক ক্যাপসরা দারুণ সমস্যা সমাধানকারী দল। তারা দ্রুত কন্ডিশন বুঝে নেয় এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা সাজায়। আমরা এটাকেই গর্বের বিষয় মনে করি। দ্রুত মানিয়ে নেওয়া এবং কার্যকর পদ্ধতি বের করা।’আরও পড়ুন: সেমিফাইনাল খেলতে যে কঠিন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকেইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। এতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ২২ বলে ৩২ রান করার পর বল হাতে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।রবীন্দ্র বলেন, ‘কন্ডিশন সম্পর্কে ধারণা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। তবে ইংল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই। তারা মানসম্মত দল এবং বোলিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছে। ব্যাটিং লাইনআপেও বিশ্বমানের ক্রিকেটার আছে।’