রাজশাহীতে ট্রলারের ধাক্কায় পদ্মায় ডুবে জেলের মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মণ্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। পরে যে জাল দিয়ে তিনি মাছ ধরছিলেন, সেই জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফুলতলি ঘাট এলাকায় পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।নিহত ধীরেন্দ্রনাথ মণ্ডল মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও ধীরেন মণ্ডল তার ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত ৮টার দিকে একটি ট্রলার নদীর ওপাড়ে ভেকু মেশিন আনতে যাওয়ার পথে জেলেদের নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা ধীরেন ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন আর উঠতে পারেননি।আরও পড়ুন: সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় ট্রলারডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ১ঘটনার পর স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌপুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেনের মরদেহ উদ্ধার করা হয়।গোদাগাড়ী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছে।’পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা পদ্মা নদীতে ট্রলার চলাচলে আরও সতর্কতা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।