টাঙ্গাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন খুকু (৭০)। অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাচ্ছিল। পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে। আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম