ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে কঠিন এক দিন পার করলেন ভারতের গতিময় পেসার উমরান মালিক। এক ওভারেই ৩৬ রান হজম করে জাতীয় দলে ফেরার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লেন তিনি। একসময় আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঘণ্টায় ১৫০ কিমি গতির বোলিংয়ে আলোড়ন তুলেছিলেন জম্মু ও কাশ্মীরের এই পেসার। তাকে ভারতের পরবর্তী ‘স্পিড সেনসেশন’ হিসেবেও দেখা হচ্ছিল। তবে চোট ও ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে জাতীয় দলের ভাবনা থেকে ছিটকে পড়েন উমরান। ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে টাটা স্পোর্টস ক্লাবের হয়ে মুম্বাই কাস্টমসের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়েন তিনি। প্রথম ওভারেই দেন ২৩ রান। পরের স্পেলে পরিস্থিতি আরও খারাপ হয়। ওভারটি শুরু হয় একটি সিঙ্গেল দিয়ে। এরপর একটি বাউন্ডারিতে গতি পায় প্রতিপক্ষ। একটি নো-বল থেকে ছক্কা হাঁকান ব্যাটার। মাঝখানে একটি ডট বল করলেও নিয়ন্ত্রণে ফিরতে পারেননি উমরান। লুজ ডেলিভারিতে বারবার বাউন্ডারি ও ছক্কা হাঁকান ব্যাটাররা। ওভারটিতে ছিল ওয়াইড ও আরেকটি নো-বল, যার একটি ফ্রি-হিটও বাউন্ডারিতে পরিণত হয়। শেষ বলটি ছক্কা হাঁকিয়ে ৩৬ রানের ওভার পূর্ণ করেন ব্যাটাররা। সবমিলিয়ে ২ ওভারে উমরান মালিক খরচ করেন ৫৯ রান। এমএমআর/জেআইএম