মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বয়স এবং মানসিক সক্ষমতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝেই বাড়ছে উদ্বেগ। রয়টার্স-ইপসোস জরিপে দেখা গেছে, দেশটির ৬১ শতাংশ নাগরিক মনে করেন বয়সের ভারে ট্রাম্প এখন ‘খামখেয়ালি'’ হয়ে পড়েছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ৩০ শতাংশ সমর্থকও একই মত দিয়েছেন।৭৯ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল এক বছর পেরোতেই তার মানসিক তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রয়টার্স-ইপসোস জরিপ অনুযায়ী, ৬১ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প বয়সের কারণে অসংলগ্ন আচরণ করছেন। এমনকি রিপাবলিকান শিবিরেও এই উদ্বেগ বাড়ছে। দলটির প্রতি ১০ জন সমর্থকের মধ্যে অন্তত ৩ জন তার সক্ষমতা নিয়ে সন্দিহান। যদিও বাইডেনের বিদায়বেলায় এই সংখ্যা আরও বেশি ছিল, তবে ট্রাম্পের বর্তমান গ্রাফও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৫৪ শতাংশ মানুষ ট্রাম্পকে ‘মানসিকভাবে তীক্ষ্ণ’ মনে করলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশে। সিএনএন-এর জরিপেও একই তথ্য উঠে এসেছে, যেখানে ৫৩ শতাংশ মানুষ তার শারীরিক সক্ষমতা ও মস্তিষ্কের ধারের ওপর আস্থা রাখতেন, সেখানে এখন মাত্র ৪৬ শতাংশ তাকে কার্যকর মনে করছেন। আরও পড়ুন: স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ /জাতি তার হারানো গৌরব ফিরে পেয়েছে: ট্রাম্প ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের আরেক জরিপে ৫৬ শতাংশ মার্কিন নাগরিকই এখন ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা নিয়ে সরাসরি নেতিবাচক মত দিচ্ছেন। মানসিক অবস্থার পাশাপাশি ট্রাম্পের শারীরিক ফিটনেস নিয়েও মানুষের আত্মবিশ্বাস কমছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্যা বলছে, ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে ‘খুবই আত্মবিশ্বাসী’ এমন মানুষের হার ৩৫ শতাংশ থেকে কমে এখন মাত্র ২৮ শতাংশে ঠেকেছে। আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড বারবার গুলিয়ে ফেলা কিংবা জনসমক্ষে ঝিমিয়ে পড়ার মতো ঘটনাগুলো এই সংশয়কে আরও উসকে দিচ্ছে। হোয়াইট হাউসের ধীরগতির মেডিকেল রিপোর্ট প্রকাশও এই সন্দেহের পালে হাওয়া দিচ্ছে।