চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রথম ধাপের এ ভর্তি প্রক্রিয়া শেষ হয়। ভর্তি প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাঁকা আসনের তথ্য প্রকাশ করে। প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম ধাপের ভর্তি শেষে ১২টি বিভাগের ৯২০টি আসনের বিপরীতে সর্বমোট ৬০৫টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে একমাত্র তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সকল আসন পূর্ণ হয়েছে। আরও পড়ুন: চুয়েটে ব্যবহার ছাড়াই অকেজো হওয়ার পথে কোটি টাকার গবেষণা যন্ত্র এছাড়া কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ১৩০টি আসনের বিপরীতে ৪৪টি, যন্ত্রকৌশল বিভাগের ১৮০টি আসনের বিপরীতে ১৬০টি, পুরকৌশল বিভাগের ১৩০টি আসনের বিপরীতে ১২৩টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০টি আসনের মধ্যে ২৯টি এবং স্থাপত্য বিভাগের ৩০টি আসনের বিপরীতে ৯টি আসন ফাঁকা রয়েছে। অন্যান্য বিভাগগুলোতে সকল আসনই ফাঁকা পড়ে আছে। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মূল মেধাতালিকার প্রথম ১২৫০ জন ভর্তির জন্য ডাক পেয়েছিলেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকার প্রথম ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের একজন শিক্ষার্থীকে ডাকা হয়েছিল। এছাড়া স্থাপত্য বিভাগের মূল মেধাতালিকার প্রথম ৭৫ জন এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকার একজন শিক্ষার্থী ভর্তির জন্য ডাক পেয়েছিলেন।