শুভ্রনীল সাগরের প্রথম কাব্যগ্রন্থ ‘অনাদি আলোর মাদুরে’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শুভ্রনীল সাগরের প্রথম কবিতার বই ‘অনাদি আলোর মাদুরে’। বাতিঘরের পরিবেশনায় বইটির প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস করেছেন কবি ও শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। সোয়া পাঁচ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বাতিঘরের ৭০০-৭০৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এ ছাড়া পাওয়া যাবে বাতিঘরের সবগুলো শাখায়। এমনকি যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করা যাবে। কবি শুভ্রনীল সাগর বলেন, ‘এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। বইয়ের কবিতাগুলো দুই দশকের বেশি কবিতাযাপনের নিবিড় স্মারক। আমার অস্তিত্বের চেতনা ও সময় প্রবাহকে লেখার চেষ্টা করেছি। নানান মূর্ত-বিমূর্ত প্রতীকে নির্মিত কবিতাগুলো আমাদের দৃশ্যমান জগত পেরিয়ে অন্তর্লীন আলোকভূমির দিকে আহ্বান জানায়।’ আরও পড়ুনবইমেলায় আসছে আকাশের ‘ভদ্রাবতীর পাড়ে’ পাওয়া যাচ্ছে ‌‘জীবন বাঁচাতে প্রাথমিক চিকিৎসা’  তিনি বলেন, ‘এখানে প্রেম ব্যক্তিগত হলেও তার বিস্তার নৈর্বক্তিক ও মহাকালজুড়ে। শূন্যতা শেষ নয় বরং পরম ও পূর্ণতার আরেক নাম। ভাষা কখনও ধ্যানমগ্ন, কখনও অন্তরঙ্গ, কখনওবা তীব্রভাবে আত্মদর্শী। যে পাঠক শব্দের আড়ালে অনন্তের স্পর্শ খুঁজতে চান, তার জন্য এই বই দেবে এক গভীর ও দীর্ঘস্থায়ী পাঠানুভব।’ শুভ্রনীল সাগরের জন্ম ১৯৮৮ সালের ১৮ মে খুলনায়। কলেজ জীবন থেকেই কবিতা ও অন্যান্য সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছোটকাগজ সম্পাদনা করেছেন। লেখালেখিই পরবর্তীতে পেশা হিসেবে সাংবাদিকতার দিকে নিয়ে যায়। কাজ করেছেন দেশের প্রথমসারির গণমাধ্যমগুলোয়। দীর্ঘবছর সাংবাদিকতা করতে করতেই আকৃষ্ট হন ফটোগ্রাফির প্রতি। পেশাগত জীবনে বর্তমানে উন্নয়ন ও জলবায়ু কর্মী। কবিতা ও ফটোগ্রাফি ছাড়াও আগ্রহের বিষয় পরিবেশ, দর্শন ও সংস্কৃতি। ভালোবাসেন শাস্ত্রীয় সংগীত, ধ্রুপদী চলচ্চিত্র ও পাহাড়ে ট্রেকিং। এসইউ