ভূমি খাতের হয়রানি বন্ধে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর ‘পদ্মা কমিউনিটি সেন্টার’-এ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এসময় রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোকপাত করেন মন্ত্রী। তিনি বলেন, উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি আইটি সেক্টরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষিত যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে রাজশাহীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন/কেএইচকে/জেআইএম