চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী ১০ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য মূল মেধা তালিকার ১২৫১ থেকে ২৫০০, পার্বত্য চট্টগ্রাম অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকার ১১ থেকে ২০ এবং রাখাইন সম্প্রদায় এর মেধাতালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা শিক্ষার্থীকে নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্থাপত্য বিভাগের মূল মেধা তালিকার মেধাক্রমে থাকা ৭৬ থেকে ১২৫ পর্যন্ত শিক্ষার্থীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।ভর্তির জন্য শিক্ষার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্ট এর মূল কপি, প্রশংসাপত্র এর মূল কপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং হল প্রত্যবেক্ষকের স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও সংরক্ষিত আসনে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের স্থানীয় প্রশাসন এবং উপজাতীয় মোড়লের নিকট থেকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও উপজাতীয়তার প্রমাণস্বরূপ মোট ২টি সার্টিফিকেট দাখিল করতে হবে। একইসাথে পাশকৃত কলেজের অধ্যক্ষ কর্তৃক ইস্যুকৃত উপজাতীয়তার প্রমাণের সার্টিফিকেট প্রদান করতে হবে।আরও পড়ুন: চুয়েটে প্রথম ধাপের ভর্তি শেষ, অর্ধেকেরও বেশি আসন ফাঁকাবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যেক শিক্ষার্থীকে স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে প্রাপ্ত রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন আনতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সঙ্গে রাখতে হবে।এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ের ভর্তি শেষে মোট ৯২০ টি আসনের বিপরীতে ৬০৫ টি আসন ফাঁকা রয়েছে।