চাঁদপুরের মতলব দক্ষিণে একটি মশার কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরের যন্ত্রপাতিসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নায়েরগাঁও বাজারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়। এ সময় এলাকার লোকজন ছুটে এসে যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যেই কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। আরও পড়ুন: পাম্পের সংযোগ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলে মায়েরও কারখানার মালিক মো. শাহজালাল মিয়া জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে দেখেন সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি।’ মালামাল, মেশিন, মোটর ও কারখানা মিলিয়ে তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে সরকারের কাছে সহযোগিতার জোরালো আবেদন জানিয়েছেন তিনি। মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কয়েলের পাউডার বানানোর তিনটি মেশিন, চারটি মোটর এবং মজুত করা অন্যান্য মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।