টি-টোয়েন্টি বিশ্বকাপের বিগ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। এ ম্যাচে জিতলে সেমির টিকিট কাটবে কিউইরাও। সেক্ষেত্রে ছিটকে যাবে পাকিস্তান। তাই এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ‘শীর্ষ চারের’ ভাগ্য।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলম্বোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়। কলম্বোর এই ম্যাচটায় যারা খেলবে, তাদের চেয়ে হয়তো বেশিই নজর থাকবে অন্য আরেক দলের। সুপার এইটে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংলিশদের সেমিফাইনাল নিশ্চিত। এ ম্যাচ জিততে পারলে শীর্ষ চারে উঠে যাবে কিউইরাও। কায়মনোবাক্যে প্রার্থনা করবে পাকিস্তানিরা, যাতে কোনোভাবে না জেতে নিউজিল্যান্ড। তারা জিতলেই যে বিদায় নেবে পাকিস্তান। তবে, ব্ল্যাকক্যাপরা তো ছেড়ে দেবার পাত্র নয়। তারা সেরা ছন্দে আছে, সেটা বলা যাবে না। গ্রুপ পর্বে আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার মতো দলকে হারালেও, শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি। সুপার এইটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে পড়েছিলো মারাত্মক চাপে। সেখান থেকে দলকে উদ্ধার করেন লোয়ার অর্ডার ব্যাটাররা। তাই ব্যাটিং ইউনিট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে কিউইদের। আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিঙ্কু সিং টিম সেইফার্ট এবারের আসরে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ওপেনার ৫ ইনিংসে করেছেন ১৮১। ফিন অ্যালেন, গ্লেন ফিলিপসরাও কার্যকর ইনিংস খেলছেন। সবশেষ ম্যাচে জ্বলে উঠেছেন রাচিন রবিন্দ্র। ফর্মে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। বোলিং ইউনিটের আস্থার প্রতীক ম্যাট হেনরি। ইংল্যান্ডের হার্ডহিটারদের থামাতে ডিসিপ্লিনড থাকতে হবে ব্ল্যাক ক্যাপ বোলারদের। যদিও ইংলিশরা সেমিফাইনালে উঠে গেলেও, সাউথ এশিয়ান কন্ডিশনে খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেনা। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছে। স্কটল্যান্ড ও ইতালিকে হারালেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সুপার এইটে বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ১০০'র নিচে অলআউট করে পেয়েছে দারুণ জয়। এরপর হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়েছে তারা। ২০২ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন ইংলিশ ক্যাপ্টেন। এদিকে উইল জ্যাকস, জেকব বেথেলরা অবদান রাখলেও টপ অর্ডারে জস বাটলার, ফিল সল্টদের ব্যাটে রানই নেই। বোলিংয়েও বেশ নড়বড়ে থ্রি লায়নরা। তারকা পেসার জফরা আর্চার ১০ উইকেট নিলেও বেশ খরুচে। তার ইকোনমি প্রায় ৯। আদিল রশিদ, জেমি ওভারটন ও লিয়াম ডসন ৯টি করে উইকেট শিকার করলেও, টপ ফর্মে আছেন বলা যাবে না। আরও পড়ুন: ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার সুপার এইটের দুই ম্যাচই ক্যান্ডিতে খেলেছে ইংল্যান্ড। আসরে এবারই প্রথম খেলবে কলম্বোতে। অন্যদিকে, এই প্রেমাদাসা স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতি আছে নিউজিল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ২০২১'এ ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের। এবার প্রথম শিরোপার খোঁজে জয়রথ অব্যাহত রাখার লক্ষ্য ব্ল্যাক ক্যাপদের। আর আগেই দুবার চ্যাম্পিয়ন হওয়া ইংলিশরাও শিরোপার স্বপ্নে বিভোর। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ৭ দেখায় ৪ জয় ইংল্যান্ডের, ৩টিতে জিতেছে নিউজিল্যান্ড।