যশোরে বড় মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ চলাকালীন এই ভূকম্পন অনুভূত হলে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪।যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আজ দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ড ৫.৪ মাত্রার মাঝারি থেকে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সাতক্ষীরা জেলার আশাশুনি। প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, আজ জুম্মার নামাজ চলাকালীন হঠাৎ করেই পুরো শহর কেঁপে ওঠে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মসজিদসহ বহুতল ভবনগুলোতে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। নামাজের কাতারেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আমার ৭০বছর বয়সে এত ঝাঁকুনি এর আগে অনুভব করিনি। ইখতেখার মাহমুদ বাবু নামে অপর একজন বলেন, ‘আমি মসজিদ থেকে বের হয়ে মোটর সাইকেলে উঠছিলাম। এসময় পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। তাৎক্ষণিক মোটরসাইকেল থেকে নেমে যাই।’ আরও পড়ুন: দেশে আবারও ভূমিকম্পনূর ইসলাম নামে একজন বলেন, ‘আমি এর আগে কখনো এমন ভয়াবহ ঝাঁকুনি অনুভব করিনি। মনে হচ্ছিল ভবনটি এখনই ধসে পড়বে। কম্পন শুরু হওয়া মাত্রই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে ভবন ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন।’ আকরামুজ্জামান নামে অপর একজন বলেন, ‘আমরা কয়েকজন জুম্মার নামাজ শেষে চায়ের দোকানে বসেছিলাম। এসময় পায়ের তলার মাটি কেঁপে ওঠে। হঠাৎ মনে হল পড়ে যাব। এমন ভূমিকম্প আগে কখনো অনুভূত হয়নি। মনে হলে আশেপাশে কোথাও এর উৎপত্তিস্থল।’ এদিকে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, ভূমিকম্পের পর পুরো শহরজুড়ে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বহুতল ভবনের বাসিন্দারা দীর্ঘ সময় নিচে অবস্থান করেন।