স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিতব্য একটি হাফেজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকায় এসে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে অংশ নিতে পারায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, 'মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সবসময় শরিক হতে পারি।'ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। তারা বরাবরই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাদের সেই সমর্থনের কারণেই আজ আমি দেশের সেবা ও উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি। এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আমি ঠাকুরগাঁওবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি।আরও পড়ুন: প্রথম সভায় 'ঘুষ-পার্সেন্টেজ' বন্ধের আহ্বান এমপি ফখরুলেরদেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী মাদ্রাসার সমৃদ্ধি ও দেশের মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন।