সুনামগঞ্জের হাওড় অঞ্চলের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানিয়েছেন, সরকার হাওড়ের ফসল রক্ষায় স্থায়ী ও টেকসই সমাধানের দিকে এগোচ্ছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার হালির হাওড়, গুরমার হাওড়, সোনামোড়ল ও ধানকুনিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড়ের ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি সরাসরি দেখার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আগাম বন্যা আসার আগেই বাঁধের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে হবে। সুনামগঞ্জ দেশের অন্যতম শস্যভাণ্ডার, তাই এখানকার কৃষকের স্বার্থ রক্ষা আমাদের অগ্রাধিকার।অতীতের অনিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, অতীতে বাঁধ নির্মাণে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বর্তমান সরকারের আমলে তা আর সম্ভব হবে না। যারা প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে যথাযথভাবে কাজ করবেন, তারা অবশ্যই বকেয়া টাকা পাবেন। অর্থের কোনো সংকট নেই, তবে কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না।আরও পড়ুন: বাংলাদেশ গড়ায় যারা বাধা হয়ে দাঁড়াবে তারা শত্রু হিসেবে গণ্য হবে: এ্যানিহাওড়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগাম বন্যার পানি দ্রুত নিষ্কাশনের জন্য সুনামগঞ্জের নদী ও খাল খনন করা অত্যন্ত জরুরি। বিএনপি সরকার হাওড়ের টেকসই উন্নয়ন ও নদী খনন নিয়ে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবে। এতে পানি নিষ্কাশনের পাশাপাশি সেচ সংকটেরও সমাধান হবে। ঝুঁকিপূর্ণ ক্লোজারগুলো স্থায়ীভাবে মেরামত করা হবে যাতে বোরো ফসল আগাম বন্যার ঝুঁকিমুক্ত থাকে।মন্ত্রী জানান, স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন সম্মিলিতভাবে বাঁধের কাজ মনিটরিং করছে।এ সময় পানি সম্পদ মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, কয়ছর এম আহমদ, নুরুল ইসলাম নুরুল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, মহাপরিচালক ও মন্ত্রণালয়ের সচিব।