আফগানিস্তান-পাকিস্তান সংঘাত, মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইসলামাবাদ যখন প্রতিবেশী দেশটিকে ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়ানোর অভিযোগ তোলে ও সীমান্ত সংঘর্ষের পর কাবুলে বিমান হামলা চালায়, ঠিক সে সময়ই এমন প্রস্তাব দিলো তেহরান। এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, দুই দেশের মধ্যে সংলাপকে এগিয়ে নেওয়া এবং তাদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রস্তুত। ইরান পাকিস্তান ও আফগানিস্তান- উভয় দেশের সঙ্গেই সীমান্ত ভাগ করে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলার পাশাপাশি দেশটি তালেবান কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে আসছে, যদিও এখনো তালেবানের শাসনকে তেহরান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এর আগে গত অক্টোবরেও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হলে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। সূত্র: এএফপি এসএএইচ