‘ফটোকার্ড সন্ত্রাস’ নিয়ে যা বললেন ফারুকী

ভুল তথ্য দিয়ে ফটোকার্ড করাকে ‘ফটোকার্ড সন্ত্রাস’ হিসেবে অ্যাখ্যায়িত করেছেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই সাবেক উপদেষ্টা। আজ (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার তিনি লিখেছেন, ‘আমি সরকারের কেউ না। ফলে সরকারকে ডিফেন্ড করা আমার কর্তব্য না। কিন্তু ফটোকার্ড সন্ত্রাস দেখে একটা কথা বলতেই হচ্ছে, হাতে গোনা একটা বা দুইটা প্ল‍্যাটফর্ম ছাড়া বেশিরভাগ প্ল‍্যাটফর্মকে অবিশ্বাস করা এখন সবার ঈমানী দায়িত্ব হয়ে গেছে।’ কোন ঘটনার প্রেক্ষিতে তিনি কথাগুলো লিখেছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ফারুকী লিখেছেন, ‘সিনেমায় সিগারেট দেখালে জাতীয় পুরস্কার দেওয়া হবে না, এই ফটোকার্ড দেখেই আমি নিশ্চিত ছিলাম, এটা আরেকটা গাঁজাকান্ড। কারণ এই সরকার এখনো চেয়ারে বসতেই পারলো না আর এ রকম দ্রুততার সাথে এই রকম ছোট একটা কাজ করে ফেলবে? সরকারযন্ত্রের গতি ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এটা অসম্ভব।’ প্রকৃত ঘটনা কী? সে প্রসঙ্গে এই চলচ্চিত্রকার লিখেছেন, ‘তথ‍্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানলাম এ রকম কোনো সিদ্ধান্ত দূরের কথা, আলোচনাও হয় নাই। তাহলে ঘটনা কী? ধূমপানবিরোধী একটা প্রতিষ্ঠান এক আলোচনা অনুষ্ঠানে এই দাবী জানিয়েছে আর তৈরি হয়ে গেলো এমন এক কায়দা করা ফটোকার্ড, যেটা দেখলে মনে হবে ঘটনাটা ঘটেই গেছে।’ ভুয়া ফটোকার্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে ফারুকী লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে ফটোকার্ড এবং ভুয়া ভিডিও রিপোর্ট এমন জায়গায় চলে গেছে যে, মানুষের এখন একটা থাম্বরুল করার সময় আসছে “যাহা পড়িব, যাহা দেখিবো, কিছুই বিশ্বাসিবো না”। গত কয়দিনে অন্তর্বর্তী সরকার নিয়ে যে পরিমাণ গাঁজাখুরী গল্প উৎপাদন করা হয়েছে, সেটা নিয়ে কেউ একটা ফ‍্যাক্টচেক করেন, দেখতে পাবেন অবস্থা।’ ২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার বানানো ও মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। আরও পড়ুন:আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকীআবুল সরকার গ্রেফতারসহ নানা সমালোচনার জবাব দিলেন ফারুকী আওয়ামী লীগকে কেন দরকার ব্যাখ্যা করলেন ফারুকী আরএমডি