আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, কৃষক যেন আলুর ন্যায্যমূল্য পায় ও আলুর বহুমুখী ব্যবহারের মাধ্যমে চাষিরা স্বস্তিতে থাকতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উত্থাপন করবো। ইনশাআল্লাহ দ্রুতই এর স্থায়ী সমাধান করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকের স্বার্থ রক্ষায় ও বিশেষ করে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকির আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি মানুষের সম-অধিকার ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে ‘ডে-ওয়ান’ থেকেই কাজ শুরু করেছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনমান পরিবর্তন ও কৃষি খাতের উন্নয়নে তিনি নানামুখী পদক্ষেপ নেন। বাজারে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন দলের বা সরকারের সুনাম ক্ষুণ্ন না হয়। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম-আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান ও সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইট প্রমুখ বক্তব্য রাখেন। মাহফুজ রহমান/এমএন/এএসএম