ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাস কর্মীদের বলেছেন, যারা ইসরাইল ছাড়তে চায়, তারা যেন আজই চলে যান।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত। তিনি আরও লিখেছেন,দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার আহ্বানে আজ বিমান আসনের চাহিদা বেশি থাকতে পারে। যুক্তরাষ্ট্রের যেখানেই হোক একটি সিট নিশ্চিত করে নিন। সেখান থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যাওয়া যাবে; তবে প্রথম অগ্রাধিকার হলো দ্রুত ইসরাইল ত্যাগ করা।’ আরও পড়ুন: জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’, বললেন মধ্যস্থতাকারী নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইমেইলটি তিনজন ব্যক্তি যাচাই করেছেন। হাকাবি নাকি আরও লিখেছেন, ‘আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে যারা যেতে চান তাদের জন্য দেরি না করে দ্রুত পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ।’ এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে তেল আবিবে ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক একাধিক বিমান সংস্থা। এরইমধ্যে বেশ কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ও ইসরাইল ভ্রমণে সতর্কতা জারি করেছে। নেদারল্যান্ডের প্রধান বিমানসংস্থা কেএলএম আমস্টারডাম-তেল আবিবে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তা উদ্বেগের মধ্যে তেল আবিবে ফ্লাইট পরিচালনা করা এই মুহূর্তে সম্ভব নয়।