গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ড্রেনের একটি অরক্ষিত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ১৫ বছর। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের দিক থেকে এক কিশোর চন্দ্রার দিকে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক এর পাশে থাকা একটি খোলা ম্যানহোলে ওই কিশোর পড়ে যায়। আরও পড়ুন: গাজীপুরে এনসিপির প্রার্থীকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পড়ে যাওয়ার শব্দ পেয়ে আশপাশের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তারা কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মরদেহটি কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট ছিল। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: গাজীপুরে হাসপাতালের সামনে পড়ে ছিল যুবকের মরদেহ কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) সানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন আছে।