পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, আফগানিস্তানের সাথে সর্বশেষ সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের ২২টি স্থানে আঘাত হেনেছে। তিনি আরও বলেন, এসব হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আরও পড়ুন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণার অর্থ কী? জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। তবে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্রের এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ‘এ হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার আরেকটি চেষ্টা। আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।