নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় ইরানে থাকা নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে নতুন করে ইরান ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে বেইজিং। এর মধ্যদিয়ে এখন পর্যন্ত ৯টি দেশ ইরান থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানালো। খবর আনাদোলু এজেন্সির।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানে অবস্থিত দূতাবাস এবং কনস্যুলেটগুলো আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক যৌথ বার্তায় বলেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চীনা নাগরিকদের ইরান সফর থেকে বিরত থাকতে হবে। এই বার্তাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম উইচ্যাটে প্রকাশ করা হয়। চীনা সরকারি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, যারা ইতোমধ্যে ইরানে আছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে দূতাবাস কর্মীদের ‘আজই’ ইসরাইল ছাড়ার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আজ শুক্রবার সকাল ১০টা ২৪ মিনিটে পাঠানো এক ইমেইলে হাকাবি লিখেছেন, কোনো কর্মী বা তাদের পরিবারের সদস্যরা যদি ইসরাইল ছাড়তে চান, তাহলে ‘আজই’ চলে যাওয়া উচিত। আরও পড়ুন: জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতি’, বললেন মধ্যস্থতাকারী এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে তেল আবিবে ফ্লাইট স্থগিত করছে আন্তর্জাতিক একাধিক বিমান সংস্থা। এরইমধ্যে বেশ কয়েকটি দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ও ইসরাইল ভ্রমণে সতর্কতা জারি করেছে। নেদারল্যান্ডের প্রধান বিমানসংস্থা কেএলএম আমস্টারডাম-তেল আবিবে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তা উদ্বেগের মধ্যে তেল আবিবে ফ্লাইট পরিচালনা করা এই মুহূর্তে সম্ভব নয়। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে চাপ বাড়াতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দেশটির ডনাল্ড ট্রাম্প প্রশাসন। আরও পড়ুন: ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে মার্কিনিদের: জরিপ অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, ওয়াশিংটন ও ইসরাইল হস্তক্ষেপ ও সরকার পরিবর্তনের অজুহাত তৈরি করছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো সামরিক হামলার জবাব তারা দেবে এবং পারমাণবিক কর্মসূচিতে কোনো সীমাবদ্ধতা এলে তার সঙ্গে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত থাকতে হবে।