স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫২, ৭১, ৯০ এবং ২৪-কে ধারণ করে এগিয়ে যেতে হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু করা হচ্ছে। খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।’ বিমানবন্দর ও ইপিজেড স্থাপনের কার্যক্রম চলমান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অল্পদিনে আমরা কাজ শুরু করেছি। কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মাফ করা হয়েছে। আমরা যা বলেছিলাম তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে। আমরা কখনো হার মানিনি, মানবো না।’ তানভীর হাসান তানু/এসআর/এএসএম