দখল করা ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্ত করতে ইসরাইলের সাম্প্রতিক ভূমিবিষয়ক আইনের কঠোর নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে দেয়া বক্তব্যে এ নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমি নিয়ে ইসরাইলের এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ডের, বিশেষ করে আল-কুদস আল-শরিফের, আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের অপচেষ্টা চালানো হচ্ছে। পশ্চিম তীরে ভূমি ক্রয় সহজিকরণ এবং ভূমি রেজিস্ট্রি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ইসরাইলি সিদ্ধান্তে ফিলিস্তিন ভূমির মালিকরা বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন ও হয়রানির মুখে পড়তে পারেন—এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. খলিলুর রহমান বলেন, এসব পদক্ষেপ প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী সামাজিক ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে। পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধান দিতে পারে। আরও পড়ুন: গাজায় ড্রোন হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করলো ইসরাইল তিনি ইসরাইলের ভূমি-সংক্রান্ত আইন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন এবং ফিলিস্তিনিদের যথাযথ ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, এবং সেখানে ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ ও শিশুদের জন্য আন্তর্জাতিক ত্রাণকর্মী ও মানবিক সহায়তা দেয়াদের অবাধ ও নিঃশর্ত প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান। ওআইসির উন্মুক্ত নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দেয়া বক্তব্যে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মুসলিম উম্মাহর প্রতি রমজানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং বলেন, নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বৈঠকের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু এনজিয়ে, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন ওহানেস ভার্তান আগাবেকিয়ান, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখেরেইজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য জনগণ ও সরকারকে অভিনন্দন জানান এবং বিএনপির ব্যাপক বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আরও পড়ুন: ২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৯ সাংবাদিক নিহত, দুই-তৃতীয়াংশ হত্যার নেপথ্যে ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা বিশেষত পররাষ্ট্রনীতি, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং ওআইসি সচিবালয়ের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে তাদের অবহিত করেন। তারা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃসরকারি সংস্থা অনুবিভাগের সচিব এম. ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম. জে. এইচ. জাবেদ দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।