বিজয়ের সংসার কি তবে ভাঙছে

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় তারকা বিজয় থালাপতিকে নিয়ে এলো এক দুঃখজনক খবর। সিনেমা ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নাম লিখিয়েছিলেন তিনি। ভারতীয় খবরের পোর্টাল মারফত জানা গেল সংসারও ভাঙতে যাচ্ছে বিজয়ের। কারণ গুরুতর অভিযোগ তুলে তার নামে মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। জানা গেল, বিজয়ের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন সঙ্গীতা। বিয়ের ২৭ বছরের মাথায় ভাঙতে যাচ্ছে তাদের সংসার। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪-এর একটি ধারার করা ওই আবেদন করা হয় সঙ্গীর পরকীয়া, অত্যাচার বা গার্হস্থ্য সহিংসতার ক্ষেত্রে। ভারতীয় পোর্টাল বলছে, পরকীয়ায় জড়িয়েছেন বিজয়। সঙ্গীতা তার মামলায় জানিয়েছেন বিজয় পরকীয়া করছেন। এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তিনি। অভিযোগে এও জানানো হয়েছে, ২০২১ সালেই জানতে পারেন বিজয়ের এই পরকীয়ার ঘটনা। জানাজানির পর সেসময় অভিনেতা স্ত্রীকে কথা দিয়েছিলেন, তিনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। তিনি কথা রাখেননি। এখনও গোপনে সেই সম্পর্ক টেনে নিয়ে যাচ্ছেন তারা। বিষয়টি এবার জেলা আদালতের কাছে জানিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন বিজয়ের স্ত্রী। মামলাটি এখনও বিচারাধীন। বিজয়ের অনুরাগীরা এখন তাকিয়ে আছেন আদালতের নির্দেশের দিকে। এই খবর ছড়িয়ে পড়তেই তারা অনুমান করছেন, কে সেই নারী, স্ত্রী থাকতে যার সঙ্গে জড়াতে পারেন বিজয়। তারা ধারণা করছে, তৃষা। যদিও এ ব্যাপারে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ১৯৯৯ সালে বিয়ে করেন বিজয় থালাপতি ও সঙ্গীতা। তাদের দুই সন্তান জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা। থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জননায়গন’। এইচ. বিনোথ পরিচালিত ‘জননায়গন’ ছবিতে বিজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি এবং নারাইন। এই ছবির মুক্তি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। কিছুতেই সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিতে চাইছিল না। সর্বশেষ ঘোষণা অনুযায়ী সিনেমায় আর দেখা যাবে না বিজয়কে। তিনি এখন রাজনীতিতে সময় দেবেন। তার রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেত্তেরি কাজহাগম। আরএমডি