সেমিফাইনাল নিশ্চিত হোক কিংবা না হোক; ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ম্যাট হেনরি। মূলত পারিবারিক কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই দেশে ফিরতে হচ্ছে এ কিউই পেসারকে। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে শুক্রবারই স্বদেশে ফিরবেন তিনিশুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের একাদশে রয়েছেন হেনরি। ম্যাচশেষে বিমান ধরবেন তিনি। এ বিষয়ে নিউজিল্যান্ড দলের প্রধান কোচ রব ওয়াল্টার এক বিবৃতিতে জানিয়েছেন, হেনরি ও তার স্ত্রী হলির জন্য এটি বিশেষ মুহূর্ত। তিনি বলেন, ‘প্রথমত, ম্যাট ও হলির জীবনের এই গুরুত্বপূর্ণ সময় নিয়ে আমরা সবাই ভীষণ আনন্দিত। তাদের পরিবারের জন্য এটি বিশেষ এক অধ্যায়। আমরা তাদের সর্বোত্তম শুভকামনা জানাই।’ সুপার এইটে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপসরা। গ্রুপ টুতে +৩.০৫০ নেট রান রেট ও তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সেমিফাইনালে উঠতে হলে কলম্বোতে ইংল্যান্ডকে হারাতেই হবে নিউজিল্যান্ডকে। আরও পড়ুন: মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ভাগ্য নির্ধারণ হবে পাকিস্তানের যদি সেই ম্যাচে হেরে যায় কিউইরা, তাহলে তাদের ভাগ্য নির্ভর করবে ২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচের ফলের ওপর। ওয়াল্টার আরও বলেন, ‘এখনও অনেক কিছু বাকি। আমরা আশাবাদী, দলের জন্য এবং ম্যাটের জন্য সবকিছু অনুকূলে যাবে। আশা করছি টুর্নামেন্টের শেষ পর্যায়ে আবারও তাকে ফিরে পাব।’ অন্যদিকে গ্রুপ ওয়ান থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দলটি নির্ধারিত হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের পর। ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সেই লড়াই। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারত টিকে থাকতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। আরও পড়ুন: ভারতের জয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার হেনরির অনুপস্থিতি নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে প্রভাব ফেলতে পারে। তবে পারিবারিক দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ায় সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থনই পাচ্ছেন এই কিউই পেসার। যদিও দল সেমিফাইনালে উঠলে, ৪ মার্চের আগেই আবার কিউই শিবিরে তার যোগ দেওয়ার কথা। এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝেই দল থেকে ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন আরেক কিউই পেসার লকি ফার্গুসন। তিনি ফিরে এসেছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটিতেও খেলছেন।