ইসরায়েলে থাকা নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি সামনে রেখে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের উচ্চ সতর্কতা বজায় রাখা ও জরুরি প্রস্তুতি জোরদার করার আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইসরায়েলে চীনের দূতাবাস এই সতর্কবার্তা জারি করে। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা ও জরুরি প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অত্যাবশ্যক না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই সতর্কবার্তাটি ইসরায়েলে চীনের দূতাবাসের পক্ষ থেকে জারি করা হয়েছে। এর আগে চীন তাদের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছিল। বেইজিং জানায়, বর্তমানে দেশটিতে বহিরাগত নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি দেখা দিয়েছে। এদিকে, নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের জানান, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন আজই (২৭ ফেব্রুয়ারি) চলে যান। দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেন, যে দেশেরই প্লেনের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। সূত্র: এএফপি এসএএইচ