নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীর মাধবদীতে দলবদ্ধ ধর্ষণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তারা অনতিবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, স্বাধীন বাংলাদেশে আমার মা-বোন আজ নিরাপদ নয়। ধর্ষণের বিচারের জন্য আমাদের আজ রাস্তায় নামতে হয়। এটা জাতির জন্য লজ্জাজনক। আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গার ধর্ষকদের বিচার চাই। এ ঘটনায় পাচজনকে গ্রেফতার করা হলেও মূল ধর্ষক ধরাছোয়ার বাইরে। তিনি আরও বলেন, আমরা দেখেছি ধর্ষকরা কোনো একটা রাজনৈতিক দলের আশ্রয়ে রয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে রয়েছে আমরা জানতে চাই। সেই দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? যদি ব্যবস্থা না নেয় তাহলে তারা ধর্ষকদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে কিনা? যদি তারা ধর্ষকদের পাহারাদার হয় তাহলে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। যে ধর্ষণকারী আমাদের বোনদের দিকে চোখ দিবে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, ধর্ষণের বিচার চেয়ে আমাদের বারবার রাজপথে নামতে হয়, কিন্তু দেশে শাসনব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি ধর্ষণেরও বিচার করতে পারছে না। উল্টো আমরা দেখতে পাই, শুধুই ক্ষমতার পালাবদল। আমরা এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি আরও বলেন, সেইসঙ্গে দেশে সংঘটিত সকল অপকর্মের বিচার চাই। ফ্যাসিস্ট আমলের সকল অপকর্ম এখন একটি পক্ষ করা শুরু করেছে। আমরা দেখেছি একজন গভর্নরকে মব করে বিতাড়িত করা হয়েছে। আমরা আমাদের প্রতিবাদ জারি রাখবো। যতক্ষণ পর্যন্ত এই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করতেই থাকবো। এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইরফান উল্লাহ/এমএন/এএসএম